কুমিল্লা জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এসএ বারী সম্মেলন কক্ষে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার প্রথম দিনে কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাছাইয়ের দ্বিতীয় দিন শনিবার কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পর্যালোচনা করা হয়। এই দিনে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুমিল্লা-০৮ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন এবং কুমিল্লা-১০ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রশিদ আহমেদ হোসাইনী ও সামিরা আজিম দোলা।
জেলায় সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এ আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টিই বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, মনোনয়নপত্রে স্বাক্ষর, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসামঞ্জস্য, হলফনামায় অসম্পূর্ণ তথ্য, আয়কর ও ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত তথ্য চাহিদামত দাখিল করতে না পারা প্রভৃতি কারণে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
