পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। দল নির্বাচনে বড় ধরনের পরিবর্তন এনে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে রাখা হয়নি।
সালমান আলি আঘাকে অধিনায়কত্ব দেয়া হয়েছে এই দলে। তারকা ব্যাটার বাবর আজম এবং পেসার শাহীন আফ্রিদি দলের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে রয়েছেন।
রিজওয়ানের বাদ পড়াকে দল নির্বাচনীদের আগ্রাসী ব্যাটিংয়ের প্রতি জোর দেয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটি বাঁধলেও পাওয়ারপ্লেতে আপেক্ষিক ধীরগতির জন্য রিজওয়ান প্রায়ই সমালোচনার মুখে পড়তেন।
ওপেনিং ব্যাটিংয়ের দায়িত্ব এবার সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ওপর ন্যস্ত হয়েছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ওসমান খান দলের প্রধান উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন।
বোলিং বিভাগে পাকিস্তান তাদের প্রতিষ্ঠিত পেস আক্রমণ ধরে রেখেছে। শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ সবাই সুস্থ থাকায় দলে ফিরেছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ সালমান মির্জা।
স্পিনার শাদাব খান ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। রহস্যময় স্পিনার আবরার আহমেদ এবং ভিন্ন অ্যাকশনের ওসমান তারিক স্পিন অপশন হিসাবে রয়েছেন। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য রক্ষার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নেওয়াজ ও ফাহিম আশরাফ।
এটি একটি প্রাথমিক স্কোয়াড। আইসিসি নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩১ জানুয়ারির পূর্বে টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতি ছাড়াই এই দলে পরিবর্তন আনা সম্ভব হবে।
পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড: সালমান আলি আঘা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, বাবর আজম, ওসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, সালমান আলি মির্জা, আবরার আহমেদ ও ওসমান তারিক।
