বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও দুর্নীতি নিয়ন্ত্রণ তার দলের অগ্রাধিকারের দুটি ক্ষেত্র। তিনি মনে করেন, এই দুটি সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করতে পারলে অন্যান্য অনেক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে।
শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’র বিজয়ীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তার মেয়ে জাইমা রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনায় তারেক রহমান বলেন, “আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে— আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে। বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।”
বিজয়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ফ্যামিলি কার্ড কারা পাবে এবং স্বামী হারা নারীরা কি ফ্যামিলি কার্ড পাবেন— এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন, দেখুন, আমার ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালির জন্য রেখেছি।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন একজন কৃষকের স্ত্রীও (ফ্যামিলি কার্ড) পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী, উনিও পাবেন, আরেকজন অফিশিয়াল, তার ওয়াইফও পাবেন।”
