ইসরায়েল গাজা ও মিশরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পারাপার আগামী রোববার থেকে পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। গাজায় ইসরায়েলি বেসামরিক নীতি সমন্বয়কারী সংস্থা (কোগাট) শুক্রবার এ ঘোষণা দেয়।
কোগাটের বিবৃতিতে বলা হয়েছে, মিশর থেকে গাজায় বাসিন্দাদের ফিরতে অনুমতি দেওয়া হবে। তবে এটি শুধুমাত্র সেইসব মানুষের জন্য প্রযোজ্য হবে, যারা চলমান যুদ্ধের সময় গাজা ছেড়ে গিয়েছিলেন। তাদের মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরায়েলের কাছ থেকে আগাম নিরাপত্তা ছাড়পত্র নিয়ে প্রবেশ করতে হবে।
সংস্থাটি গাজার ২০ লাখেরও বেশি মানুষের মধ্যে কতজন এই সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন, সে সংখ্যা উল্লেখ করেনি।
উল্লেখ্য, গাজার বাইরের বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ রাফা ক্রসিং। ২০২৪ সালের মে মাসে গাজায় যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পর ইসরায়েলি বাহিনী এই সীমান্তপথের নিয়ন্ত্রণ নেয়। এর ফলে গাজার সাধারণ মানুষের যাতায়াত ও মানবিক সহায়তা পাঠানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়।
গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপেও রাফা ক্রসিং খুলে দেওয়া অন্যতম প্রধান শর্ত ছিল।
ইসরায়েল পূর্বশর্ত দিয়েছিল যে, গাজায় থাকা শেষ ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার না করা পর্যন্ত সীমান্ত খুলবে না। চলতি সপ্তাহে সেই মরদেহ উদ্ধারের পরই সীমান্ত খোলার সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববার থেকে সীমান্ত খুলে দেওয়া হলে গাজায় মারাত্মক মানবিক সংকট কিছুটা লাঘব হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া, আটকে পড়া ফিলিস্তিনিদের যাতায়াতের ক্ষেত্রেও এটি একটি বড় পরিবর্তন আনবে।
