মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৮

মাদারীপুর সদর উপজেলায় পূর্বের শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই শুক্রবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় প্রায় ২০টির মতো হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত রোকন হাওলাদার (৩৫)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আরো যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষের এই ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।