সূত্রাপুর থানার ওসিকে সরিয়ে দিতে বিএনপি প্রার্থীর নির্বাচন কমিশনে আবেদন

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সূত্রাপুর এলাকার কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিবর্তনের জন্যও নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সাথে সাক্ষাৎ করে তিনি এই আবেদন জমা দেন।

আবেদনে ইশরাক হোসেন অভিযোগ করেন, গত ৪ ফেব্রুয়ারি ৭৩ নম্বর ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের সমর্থকরা বিপুল সংখ্যক নকল ব্যালট সিল ও দেশীয় অস্ত্র মজুদ করেছে। স্থানীয় সূত্র থেকে এই তথ্য জানতে পেরে বিষয়টি সূত্রাপুর থানার ওসি মশিউর রহমানকে অবহিত করা হলে, তিনি সরেজমিনে গিয়ে অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহায়তা করেন বলে অভিযোগ করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর স্কর্টিং ফোর্সকে বিষয়টি জানানো হয়। তাদের পরিচালিত অভিযানে প্রায় চার ঘণ্টা পর ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।

ইশরাক হোসেন তার আবেদনে দাবি করেন, এই ঘটনায় সূত্রাপুর থানার ওসির আচরণ পক্ষপাতদুষ্ট ও একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি সমর্থনসুলভ বলে প্রতীয়মান হয়েছে। তার এই আচরণে ঐ কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সূত্রাপুর থানার ওসিকে দ্রুত প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে জোরালো অনুরোধ জানান। পাশাপাশি, সম্ভাব্য অনিয়ম ও উত্তেজনা এড়াতে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তরেরও আবেদন করেন বিএনপির এই প্রার্থী।