দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যানের জনসভা

দীর্ঘ ২৩ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও এসেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন।

শনিবার সকাল থেকেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। সভায় মূলত বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের উপস্থিতির কথা থাকলেও ভোর থেকে নেতাকর্মীরা স্থানটি দখলে নিতে শুরু করেন। সময় যত গড়িয়েছে, মাঠে নেতাকর্মী ও সমর্থকের ভিড় তত বাড়তে দেখা গেছে। ব্যাপক উৎসাহ ও উত্তেজনার সাথে তারা দলীয় প্রধানকে প্রত্যক্ষ করার জন্য অপেক্ষায় ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে তারেক রহমান নামেন। সেখান থেকে তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন।

দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। শহরের প্রধান সড়কগুলো দলীয় ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও উৎসাহিত হয়ে মাঠে ভিড় করেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, এ সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।