জাল ডিও লেটার কাণ্ডে এসি ল্যান্ড শাওন মজুমদার প্রত্যাহার

  • ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও প্যাড জাল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড ও সরকারি পরিচয়পত্র জাল করে ডিও (আধা সরকারি) লেটার তৈরির অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারকে পরবর্তী সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড এবং স্মারক নম্বর ব্যবহার করে একটি জাল ডিও পত্র তৈরি করা হয়। পরে ওই পত্র বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় উপস্থাপন করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি সংসদ সচিবালয়ের নজরে এলে তদন্ত করে নিশ্চিত হওয়া যায় যে, সংশ্লিষ্ট ডিও পত্রটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি। পাশাপাশি পত্রটির সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত করা হয়।

ঘটনার পর সংসদ সচিবালয় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও লেটার বা সরকারি পত্র পাওয়া গেলে তা গ্রহণের আগে যথাযথভাবে সত্যতা যাচাই করার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাল ডিও লেটার ব্যবহার করে জাতীয় সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, যা একটি গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।