আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় ঘটে যাওয়া ঘটনাকে ‘টেস্ট ম্যাচ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি দাবি করেন, নির্বাচনের আগে পুলিশ আবারও রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে।
শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চান। তার দাবি, অনেক ক্ষেত্রে নেতাদের নির্দেশে চাঁদাবাজি হলেও তৃণমূলের অনেক কর্মী এতে জড়িত নন। গত ১৭ বছরে যেসব নেতাকর্মী নির্যাতন, নিপীড়ন ও গুমের শিকার হয়েছেন, তারা মূলত প্রান্তিক পর্যায়ের। তার মতে, ‘হাইব্রিড বিএনপি’ এসে পুরোনো কর্মীদের কোণঠাসা করে দিয়েছে।
তিনি বলেন, যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দিতে চান। ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে গেলেও ভোট দেবেন অন্য প্রতীকে এমন মন্তব্যও করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ জুলুমের পক্ষে, আরেক পক্ষ নারীর পোশাক নিয়ে হস্তক্ষেপ করতে চায়। এছাড়া একটি পক্ষ ভারতের দালালি ও গোলামির রাজনীতিতে বিশ্বাস করে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, দেশ এখন ‘মুক্তির দ্বারপ্রান্তে’ এবং একটি ‘নীরব বিপ্লব’ ইতোমধ্যেই ঘটে গেছে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক দলের কাছে নয়, বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, কোনো রাজনৈতিক দলের টাকায় নয়। যদি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় আনা হয়, তাহলে ভবিষ্যতে নিজেদের সন্তানদের চাকরির জন্য সেই দলের কাছেই ঘুষ দিতে হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
পুলিশকে বিএনপি, জামায়াত বা এনসিপির পুলিশ না হয়ে ‘বাংলাদেশের পুলিশ’ হওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন, সকাল সাড়ে সাতটার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেখানে অবস্থান করতে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদেরও একই নির্দেশনা দেন তিনি।
যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মুহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল কাদের। এছাড়া এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তব্য শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, যশোরের কর্মসূচি শেষে হাসনাত আবদুল্লাহ খুলনার নির্বাচনী কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
