দুর্নীতি তদন্তের প্রেক্ষিতে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে দুই সাংবাদিকের পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন অনুযায়ী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও কন্যা সুষমা শশী দত্তের নামে বিভিন্ন ব্যাংকের ১৮টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে মোট ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৬৫ টাকা রয়েছে।

একইসাথে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক ও মেয়ে শাবাবা ইশায়াত হকের নামে ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এসব হিসাবে ৩ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু এবং তাদের পরিবারের সদস্যদের নামে অর্জিত অস্থাবর সম্পদের কোনো স্পষ্ট ও বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া এই সম্পদ নানাভাবে হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস গোপন করার চেষ্টা করা হয়েছে, যা অর্থপাচার অপরাধের অন্তর্ভুক্ত।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চব্বিশের অভ্যুত্থানের পর ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে উভয় সাংবাদিককে আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।