র‌্যাব-ডিজিএফআই বিলুপ্তির দাবি  জানান সাবেক সেনাপ্রধানের

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া র‌্যাব ও ডিজিএফআইয়ের বিরুদ্ধে গুম ও খুনের মতো অপরাধের অভিযোগ তুলে উভয় সংস্থার বিলুপ্তি দাবি করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি এ দাবি জানান।

সোমবার আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, “আমি মনে করি, র‌্যাব অবিলম্বে বিলুপ্ত করা দরকার। সেটি সম্ভব না হলে র‌্যাব থেকে সেনাসদস্যদের সামরিক বাহিনীতে ফেরত আনা হোক।” তিনি আরও বলেন, “ডিজিএফআইও বিলুপ্ত করা হোক, কারণ এই সংগঠনটি হত্যার মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর টিকে থাকার বৈধতা হারিয়েছে।”

এর আগে রোববার দেওয়া সাক্ষ্যে সাবেক এই সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণে সদস্যদের ‘ডিহিউম্যানাইজ’ করা হয়, যাতে তারা মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা অতিক্রম করে। এ কারণে সেনাবাহিনীকে কখনো বেসামরিক পুলিশের সঙ্গে মেশানো ঠিক হয়নি। কিন্তু ২০০৩ সালে র‌্যাব গঠনের সময় সেটিই করা হয়েছে, যা একটি মারাত্মক সিদ্ধান্ত ছিল।

তিনি তাঁর বক্তব্যে ২০০২-২০০৩ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’ এবং পরবর্তীতে র‌্যাব গঠনের পরের বছরগুলোতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন।

ইকবাল করিম ভূঁইয়া ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। তিনি এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন। সোমবার তাঁর সাক্ষ্যের পর আংশিক জেরা হয়। আদালত পরবর্তী জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।