আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দেশব্যাপী প্রায় এক হাজার ড্রোন ক্যামেরা মোতায়েন করবে বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এটিকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি যুগান্তকারী প্রযুক্তিগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র্যাবের মহাপরিচালককে ড্রোন ক্যামেরা স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্তকরণ, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ড্রোন নজরদারি অত্যন্ত সহায়ক হবে।
ড্রোনগুলোর মাধ্যমে ধারণকৃত সরাসরি লাইভ ফিড বিজিবি ও র্যাব নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সরবরাহ করবে। আর বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড ইসির পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও পাঠানো হবে।
এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো সারাদেশে, বিশেষ করে দুর্গম অঞ্চলে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্বচ্ছ রাখা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, এই ড্রোনগুলো স্যাটেলাইটের মতো কাজ করবে এবং সরাসরি ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলে রিয়েল টাইম ভিডিও ও তথ্য পাঠাবে। এগুলো দিয়ে ভোটকেন্দ্রের চারপাশ, পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী এলাকা, চরাঞ্চল এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, “আমরা নির্বাচনের মাঠ পুরোপুরি স্বচ্ছ রাখতে চাই। পাহাড় কিংবা সীমান্ত—কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের ড্রোন তা সেকেন্ডের মধ্যে ইসির নজরে আনবে এবং তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ড্রোনের মাধ্যমে কোনো নাশকতার পরিকল্পনা, অস্ত্র প্রদর্শন বা সন্দেহজনক তৎপরতা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। পুরো প্রক্রিয়া সমন্বয়ের জন্য একটি বিশেষায়িত ‘ই-মনিটরিং’ অ্যাপও ব্যবহার করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বড় আকারে ড্রোন প্রযুক্তির ব্যবহার নির্বাচনী তদারকিতে একটি মাইলফলক। এটি সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ জাগাবে এবং একটি নির্ভরযোগ্য ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
