সরকার গঠনের পথে বিএনপি

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি দাবি করেন, তাঁর দল নির্বাচনে এগিয়ে আছে এবং ভালো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, “আমরা এগিয়ে আছি। এখনো ফলাফল পুরোপুরি আসেনি। ইনশাআল্লাহ আমরা ভালো মেজরিটি পাবো এবং সরকার গঠন করবো। সরকার গঠনের সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। আর তখন দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। রাত থেকেই ফলাফল ঘোষণা শুরু হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন মির্জা ফখরুল। এই আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১২৩টির ফলাফল পাওয়া গেছে। তাতে তিনি ১ লাখ ৫২ হাজার ৩১৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৪৯৩ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৫৩ ভোট। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬৩১ জন।