ঢাকা-৮ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনসিপির, মাঠে নেতারা

ঢাকা-৮ আসনের ভোট গণনায় কারচুপি ও ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাতে ফেসবুকে সবাইকে ঢাকা-৮ আসনে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, “ভোট গণনায় কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যদি জেতানোর চেষ্টা করা হয়, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “মির্জা আব্বাসের স্ত্রী দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার না রিটার্নিং অফিসার, আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপি ও ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারা যখন দেখছে হেরে যাচ্ছে, তখন কোনো রাখঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছে।”

এসময় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সংবাদ সম্মেলনের আগেই তিনি ছয়টি কেন্দ্রের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান এবং রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেন।

এসময় তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ জানান, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব অনিয়ম চলছে।

রাত ১০টা ৪২ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লেখেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।”

তার পোস্ট শেয়ার করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, “সবাই ঢাকা-৮ এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”

অভিযোগের পাল্টায় রাত ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি ফলাফল পাল্টে দেওয়ার পাল্টা অভিযোগ নিয়ে সেখানে যান বলে জানা গেছে।