গণভোট ও পোস্টাল ব্যালটের ভোট গণনার কারণে ফলাফল চূড়ান্ত করতে কিছুটা সময় লাগলেও এতে কোনো ‘কারসাজি’ বা ‘অনিয়মের সুযোগ’ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্রে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে ‘অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর’ নির্বাচন হিসেবে বর্ণনা করেন সিইসি।
তিনি বলেন, “কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন একটি উচ্চ মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে। অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যে কোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।”
গণভোটসহ বিশাল এ ভোট কার্যক্রম সফলভাবে পরিচালনায় প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি।
ফলাফল প্রকাশ নিয়ে সিইসি স্পষ্ট করে বলেন, “কোনো বেসরকারি বা অপ্রমাণিত ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত এবং আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোপনীয়তায় বিশ্বাস করে না। গণমাধ্যমের মাধ্যমেই সারাদেশের জনগণের সামনে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ স্বচ্ছভাবে তুলে ধরতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
