মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে ডিএমপির শ্যামপুর মডেল থানাধীন পোস্তগোলা ব্রিজের ওপর এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমানের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হান্নান (৪৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বড়গাছী এলাকার মৃত নুরশেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে ১টি চুরির মামলাও রয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি উল্লেখ করে র্যাব-১০ জানায়, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।
