আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণ চালিয়েছেন। তার দাবি, এ ঘটনার তথ্য ও প্রমাণ সবার কাছেই রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন—এমন পরিস্থিতিতে তারা কীভাবে বিভিন্ন এলাকায় অফিস খোলার সাহস পায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মঞ্জু আরও বলেন, ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তার দল। এরপরও যদি বর্তমান সরকার বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে ইতিহাস তা কখনো ক্ষমা করবে না।
নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান প্রধানমন্ত্রী ও তার দল। তাই জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ ও জনতার আকাঙ্ক্ষা যেন কোনোভাবে লুণ্ঠিত না হয়, সেদিকে সরকারকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম ও আগের সরকারের শুরু করা সংস্কার কাজ দৃঢ়ভাবে চালিয়ে যাওয়ারও আহ্বান জানান মঞ্জু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি টিআইবির এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রায় ২২ শতাংশ ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে। চর দখলের মতো নির্বাচনি সংস্কৃতি বন্ধ করতে নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর জোর দেন তিনি।
এছাড়া ভবিষ্যতে নির্বাচনে স্বচ্ছতা আনতে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক ও সাধারণ নাগরিকদের জন্য আগাম ভোট বা পোস্টাল ব্যালট চালুর প্রস্তাব দেন এবি পার্টির চেয়ারম্যান।
সহিংসতা রোধ, বাজার নিয়ন্ত্রণ, নির্বাচন পরবর্তী সহিংসতা ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মজিবুর রহমান মঞ্জু।
