দৈনিক ওয়াদার সম্পাদক হলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম

সদ্য সাবেক প্রেস সচিব মো. শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’-র সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। অপরদিকে, এই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

বুধবার নিজ নিজ ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তারা।

নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে শফিকুল আলম তার স্ট্যাটাসে বলেন, “আমি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছি। আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

উল্লেখ্য, শফিকুল আলম দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অন্যদিকে, সাবেক ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারও সাংবাদিকতায় ফিরেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের দায়িত্ব শেষে তিনি শিগগিরই যাত্রা শুরু করতে যাওয়া এই ইংরেজি দৈনিকে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

নতুন যাত্রা সম্পর্কে আজাদ মজুমদার তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “আমি শিগগিরই প্রকাশ হতে যাওয়া ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমার পুরো ক্যারিয়ারে আমি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমি বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ আমাকে পেশাদার সততা ও নীতি বজায় রেখে কাজ করে যাওয়ার সুযোগ করে দেবে।”

উপ-প্রেস সচিব হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “এটি একটি অবিস্মরণীয় যাত্রা ছিল, যা উত্তেজনা, চ্যালেঞ্জ, বিজয় এবং কঠিন মুহূর্তে পরিপূর্ণ। দায়িত্বগুলো ছিল বিশাল, যা আমাকে অমূল্য অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে। আমি সেগুলো সারাজীবন বহন করব।”

নতুন এই অধ্যায়ের জন্য সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেছেন তিনি।