বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, “আপনার ঐতিহাসিক জয়ে আপনাকে আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি। আমাদের দুই দেশের অংশীদারত্ব প্রতিষ্ঠিত পারস্পরিক শ্রদ্ধা এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে, যাতে এ অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি অর্জন করতে পারে।”
সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনার দায়িত্ব শুরুর এই সময়ে আমি আশা করি, উভয় দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কে যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, তা বজায় রাখতে আপনি আমাদের সাহায্য করবেন।”
মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে ‘দৃঢ় পদক্ষেপ’ নেবেন বলে আশা প্রকাশ করেন। ট্রাম্প লিখেছেন, “এর মাধ্যমে আপনাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চমানের বিশ্বের সেরা সরঞ্জাম পাবে।”
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে ‘অতীতের যে কোনো সময়ের তুলনায়’ আরও মজবুত করার অঙ্গীকার করে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
চিঠির শেষ অংশে ট্রাম্প বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি তার পূর্ণ আস্থার কথা জানিয়ে বলেন, “একসঙ্গে আমাদের উভয় দেশকে আরও সমৃদ্ধ এবং নিরাপদ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলিতে আপনার জন্য শুভ কামনা।”
