সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ ১৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে আশুলিয়ার জামগড়া ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তপন ব্যাপারী (১৮), রজব (২১), মুন্না আহমেদ (১৮), শিপন মিয়া (২৫), শান্ত সরকার (২২), আরজু (২০), সানি ইসলাম (২৩), রায়হান ইসলাম রাকিব (২০), শাকিল (২০), রাতুল ইসলাম (২০), সোহান (২০), রনি ইসলাম (১৯), কুরবান (২২) ও শাকিল (২৫)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, জামগড়া ও সংলগ্ন মহল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী এই কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
