আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে অনন্য এক উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান ও ফরাসি দূতাবাস।
শুক্রবার রাতে দূতাবাস দুটির নিজ নিজ ফেইসবুক পেজে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও প্রকাশ করা হয়।
প্রায় দেড় মিনিটের এই ভিডিওতে দেখা যায়, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলেস এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা তাদের সবচেয়ে প্রিয় বাংলা শব্দটি নিজের মুখে উচ্চারণ করছেন।
এক উপস্থাপক কর্মকর্তাদের কাছে জানতে চান, “বাংলায় আপনার প্রিয় শব্দ কোনটি?” জবাবে একজন কর্মকর্তা বলেন, ‘আম’, আরেকজন বলেন ‘ফাটাফাটি’, কেউ বা বলেন ‘আবার দেখা হবে’। কয়েকজনের কণ্ঠে শোনা যায় ‘ভাই’ এবং ‘আপু’ শব্দ দুটোও।
এরপর উপস্থাপক যান দুই রাষ্ট্রদূতের কাছে। তিনি প্রশ্ন রাখেন, “অ্যাম্বাসেডরস, আমরা জানতে চাই আপনার প্রিয় বাংলা শব্দ কী?”
জবাবে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ হেসে বলেন, “আমার প্রিয় বাংলা শব্দ ‘শান্তি’।” অপরদিকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলেস জানান, “আমার প্রিয় বাংলা শব্দ ‘বন্ধুত্ব’।”
শেষে একসঙ্গে দুই রাষ্ট্রদূত সুর করে বলে ওঠেন, “শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।”
প্রসঙ্গত, একুশে ফেব্রুয়ারি ভোরের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। রাজধানী ঢাকাসহ সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালিরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। এই আন্তর্জাতিক প্রেক্ষাপটেই ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের এই ভিডিওটি বাংলা ভাষার প্রতি আন্তর্জাতিক ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।
