জুম্মার বিরতির আগে সংসদে ভিন্ন আমেজ: এমপিদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ চিফ হুইপের, ‘তিমি-হাঙ্গর’ মন্তব্যে হাসির রোল

আজ সাপ্তাহিক ছুটির দিনেও চলমান জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়নের ব্যস্ততার মাঝেই তৈরি হয় এক ভিন্ন আবহ। জুম্মার নামাজের বিরতির আগে সংসদ সদস্যদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানাতে গিয়ে চিফ হুইপের এক মন্তব্যে অধিবেশন কক্ষে সৃষ্টি হয় হাস্যরসের পরিবেশ।

শুক্রবার দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশন শুরু হলে আইন-প্রণয়ন পর্বে একে একে বেশ কয়েকটি বিল পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গুরুত্বপূর্ণ বিলগুলো অনুমোদনের পর জুম্মার নামাজের বিরতির ঠিক আগে বক্তব্য দিতে দাঁড়ান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, যেহেতু বিরতির পর পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে, তাই উপস্থিত সদস্যরা যেন সংসদ ভবনের মসজিদেই জুম্মার নামাজ আদায় করেন। একইসঙ্গে নামাজ শেষে সংসদ ভবনের এলডি হলে আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় এক সংসদ সদস্য মজা করে ‘আপ্যায়ন’ শব্দের পরিবর্তে ‘মধ্যাহ্নভোজন’ বলার পরামর্শ দেন এবং মেনু সম্পর্কে জানতে চান। জবাবে চিফ হুইপ হাস্যরসের ভঙ্গিতে বলেন, “সাগর থেকে তিনটা তিমি মাছ এনেছি, আরও দুইটা হাঙ্গর আসছে—সবাইকে দাওয়াত, ইনশাআল্লাহ।” তার এই মন্তব্যে অধিবেশন কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

অধিবেশনে উপস্থিত সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় কক্ষে ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে চিফ হুইপ স্পিকারকেও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

ব্যস্ত আইন প্রণয়নের মধ্যেও এ ধরনের হালকা মুহূর্ত সংসদ অধিবেশনে স্বস্তির আবহ তৈরি করে।