মন্ত্রী না থাকায় প্রশ্নোত্তর পর্ব শেষ

আসরের নামাজের বিরতির পর নির্ধারিত সময়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদ কক্ষে উপস্থিত না থাকায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব মাঝপথেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ফলে কার্যসূচিতে থাকা বাকি প্রশ্নগুলোর উত্তর আর নেওয়া সম্ভব হয়নি।

বুধবার (৮ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এরপর তথ্য ও সম্প্রচার, শিল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।

বিরতির আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে আসরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় এবং বিরতির পর অবশিষ্ট প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার কথা জানানো হয়।

বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক পুনরায় শুরু হলে সভাপতির আসনে বসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি জানান, যেসব মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তারা কেউ সংসদ কক্ষে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।

এরপর কার্যসূচি অনুযায়ী কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ সংক্রান্ত নোটিশ নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে উপস্থিত হলেও প্রশ্নোত্তর পর্ব আর পুনরায় শুরু করা হয়নি।