গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে ছয়জনকে আটক, বলছে ভিক্ষুক

ঢাকার গুলশান এলাকায় বিএনপি নেতা তারেক রহমানের বাসার সামনে থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর তাদের গুলশান থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাদের বারবার সরে যেতে বললেও তারা তা না শোনায় পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), অপর খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “তারা ভিক্ষুক, সেখানে অবস্থান করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বার বার সরে যেতে বললেও তারা শোনেননি। পরে ইফতারের পর তাদের থানায় নিয়ে আসা হয়।”

ওসি আরও বলেন, “তেমন কিছু না। তাদের থানায় রেখে খাবার দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি।” তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৪ জানুয়ারি নির্বাচনের আগে তারেক রহমানের বাসা ও বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করে পুলিশ। তারা নিজেদের তারেক রহমানের ভক্ত বলে দাবি করেছিল।