সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে সরকার। চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে নতুন সিজিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থলাভিষিক্ত হলেন, যিনি সম্প্রতি অবসরে গেছেন।

অপরদিকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পরবর্তী দায়িত্বের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, যেখানে তিনি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। বর্তমান ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রদবদল এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে এবং তাকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। তার স্থলে বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।