যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার প্রতিবাদে জামায়াত আমির

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালক নূরে আলম ওরফে খায়রুলকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি চাঁদাবাজির এই সংস্কৃতির বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে ৩৫ বছর বয়সী লেগুনা চালক খায়রুলকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, চাঁদার দাবিতেই খায়রুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই ঘটনার পর রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, “চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ!”

তিনি আরও লেখেন, “নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।”