গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে অভিযান চালিয়ে আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানার হাজতখানায় রাখা হয়। রোববার দুপুরে আদালতে পাঠানোর জন্য তাকে প্রিজন ভ্যানে তোলার সময় তার কয়েকজন স্বজন ও সমর্থক থানার সামনে জড়ো হন।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় জননেত্রী শেখ হাসিনা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাদের কয়েকজন থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম জানান, থানার বাইরে একটি দোকানের সামনে থেকে স্লোগান দিতে দিতে কয়েকজন থানার ভেতরে প্রবেশের চেষ্টা করেন। থানার আশপাশে এ ধরনের স্লোগান আইনসিদ্ধ নয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
