- জেলা প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণকে একটি ক্লাবে নিয়ে মারধর এবং বিকাশে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক সাবেক নেতার বিরুদ্ধে।
রোববার দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামে একটি ক্লাবের ঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন।
ভুক্তভোগী আরাফাত উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিযোগের বিষয়ে আতাউর রহমান সানি নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
আরাফাতের চাচা এবং শ্রমিক দলের বিশনন্দী ইউনিয়ন শাখার সহসভাপতি দাইয়ান ফকিরের অভিযোগ, রোববার থানার ভেতরে মোটরসাইকেল রেখে আরাফাত জিমে যান। জিম থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে আটক করে পাশের ওই ক্লাবের ভেতরে নিয়ে যান।
দাইয়ানের দাবি, সেখানে ছাত্রদল নেতা সানির নেতৃত্বে কয়েকজন আরাফাতকে মারধর করেন। পরে বিকাশের মাধ্যমে দুই দফায় মোট ২০ হাজার টাকা নেওয়া হয়।
তিনি বলেন, লোডশেডিং নিয়ে একটি পোস্ট শেয়ার করার কারণে আরাফাতকে ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর করা হয়েছে। এমনকি তাকে ‘ছাত্রলীগ করে’ এবং সাবেক সংসদ সদস্য বাবুর লোক বলে দাবি করিয়ে মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করা হয়।
দাইয়ান আরও বলেন, তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নিজে শ্রমিক দলের রাজনীতি করেন এবং আরাফাতের বাবুও বিএনপি করেন।
পরিবারের দাবি, মুক্তিপণের টাকা নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে আরাফাতকে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।
পরে আরাফাতকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি ক্লাবের ভেতরে তরুণকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশকে বিষয়টি জানানোর পর ছাত্রদল নেতার পক্ষ থেকে কয়েকজন তাকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন দাইয়ান ফকির।
অভিযোগের বিষয়ে আতাউর রহমান সানির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন বলেন, আরাফাত নামে এক তরুণকে মারধরের খবর তিনি পেয়েছেন। আতাউর রহমান সানিকেও তিনি চেনেন। তবে ঘটনার সময় তিনি আড়াইহাজারে ছিলেন না এবং ফোনে বিষয়টি জানতে পেরেছেন।
মোবারক বলেন, ছাত্রদল বা অন্য কোনো সংগঠনের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
তবে মোবারক হোসেনের দাবি, আরাফাত বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে লেখা ও ভিডিও শেয়ার করেছেন।
