পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় প্রায় এক হাজার মামলা প্রত্যাহারের প্রথম অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, সাবেক সরকারের সময়কার মোট ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ নেতাকর্মী এসব মামলায় জড়িত ছিলেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে এই মামলাগুলো দায়ের হয়। এগুলো প্রত্যাহারের লক্ষ্যে গত বছরের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দুটি কমিটি গঠন করেছিল। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটি এসব মামলা যাচাই-বাছাই করে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন নিয়ে ৩৯টি সভার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে এই ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা সেই সুপারিশের ভিত্তিতেই প্রথম ধাপের অনুমোদন হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়।
