আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে। ওই দিনই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় সংসদ আহ্বানের বিষয়ে আলোচনা করেছি। সিদ্ধান্ত হয়েছে, মার্চের ১২ তারিখে প্রথম অধিবেশন বসবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। এর জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।”
তিনি আরও জানান, প্রথম অধিবেশনের কার্যসূচি নিয়েও আলোচনা হয়েছে। সেদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়েছে। তাদের শরিক দলগুলো পেয়েছে ৪টি আসন। অপরদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায় রয়েছে। তাদের শরিক এনসিপিসহ অন্যান্য দল পেয়েছে ৯টি আসন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন।
গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে তথ্য পেয়েছি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি জানান, “পুলিশের শীর্ষ পদে কিছু পরিবর্তন আসবে। তবে এজন্য কিছুটা সময় লাগবে।”
