অমর একুশে বইমেলা ২৬ ফেব্রুয়ারি শুরু, থাকছে না কোনো প্যাভিলিয়ন

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর ঘোষণা দেওয়া হলেও একদিন পিছিয়ে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।

এর আগে শনিবার তিন শতাধিক প্রকাশনা সংস্থার প্লাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “মেলার মাঠে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসন না হওয়া এবং চরম সময় স্বল্পতার কারণে মেলায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।”

বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত সমঝোতা না হওয়ায় সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছিল ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমির প্যাভিলিয়ন না রাখার ঘোষণার পরও তারা সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন প্রকাশক ঐক্যের প্রতিনিধিরা।

এমন বাস্তবতায় রোববার রাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রকাশকদের একাংশ উপস্থিত ছিলেন।

সভায় যোগ দেওয়ার আগে সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী খৈয়ম একাডেমি প্রাঙ্গণে এসে মেলার প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে প্রকাশক প্রতিনিধি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা ছিলেন। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সচিব ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলা একাডেমি জানায়, বাপুস নেতাদের সহায়তায় প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এছাড়া গত ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল-বিন্যাসের লটারি রোববার রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রকাশকরা সোমবার থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন বলে আশা করছে বাংলা একাডেমি।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা একাডেমির একজন কর্মকর্তা জানান, ২৫ ফেব্রুয়ারি পিলখানার ‘বিডিআর বিদ্রোহের’ বর্ষপূর্তি হওয়ায় প্রধানমন্ত্রী বইমেলা ২৬ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে প্রথমে বইমেলা ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সেটি স্থগিত করে ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি। নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করলে মেলার তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু প্রকাশকরা তা পিছিয়ে ঈদের পরে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।