আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি সরানো হচ্ছে কি না নিয়ে গুঞ্জন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন চলছে। সরকারের তরফ থেকে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর দলের এক সদস্য।

শনিবার রাত ১টার দিকে নাম প্রকাশ না করা ওই প্রসিকিউটর জানান, গত দুই-তিন দিন ধরে সরকারের অভ্যন্তরে এ বিষয়ে আলোচনা চলছে, যা অনেকটাই এগিয়েছে। তিনি দাবি করেন, প্রধান কৌঁসুলিকে সরানো হবে— এটা প্রায় নিশ্চিত। তবে শনিবার রাতের মধ্যেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর অনুসরণ করছেন এমন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। শনিবার মধ্যরাতে তিনি লেখেন, তাজুল ইসলামের স্থলে অন্য কাউকে দায়িত্ব দিতে যাচ্ছে নতুন সরকার।

সূত্রের বরাত দিয়ে বার্গম্যান জানান, তাজুলের স্থলে আইনজীবী আমিনুল ইসলামের নাম বিবেচনা করা হচ্ছে। তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে দুর্নীতির মামলা পরিচালনাকারী আইনজীবী দলের সদস্য ছিলেন। বার্গম্যান জানান, তিনি সরকারের কারও বক্তব্য নিতে পারেননি। এ বিষয়ে তাজুল ইসলামের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সম্প্রতি এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তারা (বর্তমান প্রসিকিউশন টিম) না থাকলেও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো চলতে থাকবে। তখন তাদের চলে যাওয়ার কোনো ইঙ্গিত আছে কি না জানতে চাইলে তিনি বলেছিলেন, তেমন কিছু তিনি শোনেননি।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির দায়িত্ব পান মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর এসেছে, তিনি সেই পদ থেকে পদত্যাগ করেছেন।

জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনালটি পুনর্গঠন করে। ইতিমধ্যে এই ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এক মামলায় ফাঁসির রায় দিয়েছে। তাদের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এখন সেই ট্রাইব্যুনালেই সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের বিচার চলছে।

সম্প্রতি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় বছর পর ১৭ ফেব্রুয়ারি থেকে অফিস শুরু করেছেন বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এই সরকার বদলের পর আইসিটি প্রধান কৌঁসুলি পদে রদবদলের গুঞ্জন নতুন করে মাত্রা পেয়েছে।