রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতে অবস্থিত ভাসমান জুতার বাজারের এক ব্যবসায়ী গুলির শিকার হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম শফিকুর রহমান (৫৫)। তিনি ওই এলাকার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় শফিকুরকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার সঙ্গে আসা শাহ পরান নামে এক ব্যক্তি আহত হওয়ার প্রাথমিক তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শফিকুর বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। গুলিটি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
