কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে দাউদকান্দি উপজেলার লদাখাল এলাকার পশ্চিম মাইজপাড়ার একটি তিনতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার স্টেশনের ইন্সপেক্টর এরশাদ হুসাইন জানান, গ্যাস লাইন থেকে লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাসাটিতে গ্যাসের সিলিন্ডারটি অক্ষত অবস্থায় রয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং হুররাম (২)। তারা সবাই একই পরিবারের সদস্য।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হুসাইন আরও জানান, দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর একজনকে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।