যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসন গ্রেপ্তার

যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও মন্ত্রী পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। সরকারি দপ্তরে থাকাকালে অসদাচরণের সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের যোগাযোগের তথ্য পুলিশের কাছে হস্তান্তরের পর এই তদন্ত শুরু হয়। এর আগে ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশ করা নথি অনুযায়ী, যুক্তরাজ্যের মন্ত্রী থাকাকালে ম্যান্ডেলসন রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য এপস্টেইনের কাছে পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভার সদস্য থাকাকালে এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা যায়।

সোমবার সকালে সেন্ট্রাল লন্ডনের বাসা থেকে সাদা পোশাকে তাকে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। পরে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, “সরকারি দপ্তরে থাকাকালে অসদাচরণ করেছেন এমন সন্দেহে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।”

ম্যান্ডেলসন সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন এবং ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার সদস্যপদও ছেড়ে দিয়েছেন।