রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ

দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ৫ আগস্ট ও তার পরবর্তী সময়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এবার এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সেহরির আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ প্রতিক্রিয়া জানান। রাষ্ট্রপতির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এখন বয়ান তৈরি করে মানুষকে ভুল বোঝানোর কোনো সুযোগ নেই।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। সেবার শেখ হাসিনা এমন কাউকে রাষ্ট্রপতি করতে চাননি, যার ব্যক্তিত্ব তার চেয়েও শক্তিশালী হয়। তাই তিনি এমন একজনকে এ দায়িত্ব দেন, যিনি তার নিয়ন্ত্রণের বাইরে যাবেন না।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তার মতে, এসব বিষয় সামনে আসা জরুরি ছিল, যাতে দেশবাসী জানতে পারে যে অতীতে কারা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের পাশে ছিল এবং রাজনৈতিক বাস্তবতায় কাদের ওপর নির্ভর করে চলতে হয়েছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, রাষ্ট্রপতির বক্তব্য থেকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান ও দেশের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেটাও স্পষ্ট হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন; তাই ভুল ফ্রেমিং বা বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই।

সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা একের পর এক পর্ব দেখছি, যা দেখতে হয়তো আকর্ষণীয়। তবে এসব পর্ব মানুষের মনে তেমন কোনো বড় প্রভাব ফেলতে পারবে না।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দলের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি, এবং দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানান তিনি।

বিএনপি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি নিজেদের সঙ্গেই প্রতারণা করেছে। তিনি বিএনপির সাংসদদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান।

সংসদ ও রাজপথ—উভয় জায়গায় জুলাই সনদ বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র।