ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা ও সুদহার কমানোর অঙ্গীকার নতুন গভর্নরের

দেশের ব্যাংকিং খাতে আস্থা বাড়ানোকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব শুরু করতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। পাশাপাশি সুদের হার কমিয়ে আনার চেষ্টাও তার অগ্রাধিকারের তালিকায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

পোশাক শিল্পের এই উদ্যোক্তাকে বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। এর ফলে তিনি অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন। তার নিয়োগের মাধ্যমেই প্রথমবারের মতো কোনো ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে আসীন হলেন।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা সবারই জানা। এই সন্ধিক্ষণে দায়িত্ব নেওয়া নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। তবে তিনি আশাবাদী, সবার সহযোগিতা নিয়ে তিনি কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, “প্রথমে আমি ব্যাংকে বসব। সবার সঙ্গে আলোচনা করব। সবার সহযোগিতা নিয়ে প্রধান কাজ হবে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা। শৃঙ্খলা আরও জোরদার করা। আগের গভর্নর অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন, আমরা সেটাকে আরও এগিয়ে নিতে চাই।”

তার ভাষ্যে, অর্থনীতির প্রবৃদ্ধির দিকে নজর রেখেই কাজ করতে চান তিনি। তিনি মনে করেন, বর্তমানে ঋণের প্রবৃদ্ধি কমে আসছে। সেজন্য সুদের হার কমানোর চেষ্টা করা হবে, যাতে অর্থনীতিকে চাঙ্গা করা যায়।

মোস্তাকুর রহমান হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে তিনি ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের সব দায়িত্ব ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে জানান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। করপোরেট ফিন্যান্স, রপ্তানি ও আর্থিক ব্যবস্থাপনায় তার তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও তাকে তেমন কোনো ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে দেখা যায়নি, তবে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য তিনি।

১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া মোস্তাকুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তার বড় ভাই মোস্তাফিজুর রহমান মামুন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।

এর আগে, গত বছরের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর করে অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে ব্যাংক খাতে সংস্কার কাজ শুরু হলেও দেড় বছর পার না হতেই তাকে সরিয়ে দেওয়া হয়। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।