রাউজানে বাজারে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের রাউজানে একটি বাজারে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ (৫৬)। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রথমে আবদুল মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন দুর্বৃত্ত এসে হাটের একটি মুদি দোকানে বসা মজিদকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহত মজিদের তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গুলি চালানো দুর্বৃত্তরা ওই এলাকারই বাসিন্দা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।