বিএনপির এমপিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা। কর্মশালায় তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুই দিনব্যাপী এই কর্মশালা চারটি সেশনে অনুষ্ঠিত হবে। এতে সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

দলের নেতারা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। তাই নতুন সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।