জুলাই আন্দোলনের চেতনায় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘অলটারনেটিভস’। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও বিকল্প রাজনৈতিক ভাবনার প্রসারের লক্ষ্য নিয়ে সংগঠনটির ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে এই আংশিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন কমিটিতে আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলীসহ বিভিন্ন তরুণ সংগঠককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের প্রত্যাশা ও অংশগ্রহণ কমে যাওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক ধারণা ও সংগঠনের মাধ্যমে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘অলটারনেটিভস’ শুধু একটি সংগঠন নয়; এটি তরুণদের রাজনৈতিক অংশগ্রহণের নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সারাদেশে সংগঠন বিস্তারের পরিকল্পনা রয়েছে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। নতুন চিন্তা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের চাহিদা বাড়ছে। প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নতুন সংগঠনগুলো যদি কার্যকর কর্মসূচি ও সাংগঠনিক শক্তি তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতের রাজনীতিতে এ ধরনের উদ্যোগ প্রভাব ফেলতে পারে। তবে টেকসই সাংগঠনিক বিস্তার ও জনসম্পৃক্ততা নিশ্চিত করাই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মধ্য দিয়ে ‘অলটারনেটিভস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।