নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। হাতিয়ার সাম্প্রতিক ঘটনাটি সেই পরিস্থিতিরই আরেকটি ভয়াবহ উদাহরণ।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছে। তার দাবি, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এ ধরনের পরিবেশ অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অতীতে ক্ষমতাসীন বা প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ, গুম কিংবা সহিংসতার অভিযোগ বহুবার উঠেছে। এসব ঘটনায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়লে বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ থাকলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়।
বক্তারা দাবি করেন, হাতিয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে নারী ও কিশোরীদের নিরাপত্তা জোরদারে কার্যকর আইন ও বাস্তব প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
