হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে বাসায় তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হলেও তেমন উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
