জ্বালানি সংকট নেই, অযথা ভিড় না করার আহ্বান মন্ত্রীর

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই উল্লেখ করে পেট্রোল পাম্পে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার  (২৪ মার্চ)সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহেও কোনো ঘাটতি সৃষ্টি হয়নি। তাই পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ধরে জ্বালানি সংগ্রহের কোনো যৌক্তিক কারণ নেই।

তিনি আরও বলেন, অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে অযথা জটিল করে তুলছে। এতে পাম্পগুলোতে ভিড় বাড়ছে এবং লাইন দীর্ঘ হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য তিনি গাড়িচালক ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান।

ইকবাল হাসান মাহমুদ জানান, সরকার নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ করছে এবং এ সরবরাহ অব্যাহত থাকবে। গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ঈদের দিন ও পরের দিন সরকারি ছুটির কারণে ডিপোগুলো বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু পেট্রোল পাম্পে সরবরাহ বিঘ্নিত হতে পারে। তবে মঙ্গলবার সকাল থেকে ডিপোগুলো আবার চালু হয়েছে এবং পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, তেলের জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় করলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে এবং জ্বালানি নিয়ে কোনো দীর্ঘমেয়াদি সংকট তৈরি হবে না।