স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক প্রকাশনা উন্মোচন করেছে। এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটসহ মোট চারটি ভিন্নধর্মী সামগ্রী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মা্র) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এসব প্রকাশনার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্বোধিত সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একই মূল্যের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং দিবসটিকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ সিলমোহর। এসব প্রকাশনার মাধ্যমে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সূত্র বলছে, জাতীয় দিবসগুলো ঘিরে ডাক বিভাগের এমন উদ্যোগ দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। সংগ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে এসব স্মারক সামগ্রী বিশেষ আগ্রহ সৃষ্টি করে এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক বিভাগ ভিন্ন ভিন্ন থিমে স্মারক প্রকাশ করে থাকে, যা দেশ-বিদেশে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে সহায়ক হয়।