বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি খাতে চাপ: প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

দেশের জ্বালানি পরিস্থিতির বর্তমান অবস্থা মূল্যায়ন এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণ করতে উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বুধবার (২৫ মার্চ )সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সংঘাত পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব ইতোমধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে পড়তে শুরু করেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ করা সরকারের জন্য এই পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, বৈশ্বিক বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহ, মূল্য স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কার্যক্রমে আরও চাপ বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব এখনো স্পষ্ট নয়। তবে সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি, বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান এবং কার্যকর নীতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করতে এবং করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী এই বিশেষ বৈঠক আহ্বান করেন। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।