স্ট্র্যাটকম সামিটে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক যোগাযোগ কৌশল নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্মেলন ‘স্ট্র্যাটকম সামিট ২০২৬’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তার যাত্রা শুরু হয়।

সফরসূচি অনুযায়ী, সৌদি আরবের জেদ্দা হয়ে মন্ত্রীর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে তিনি তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক ও যোগাযোগ বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিনের কর্মসূচিতে, ২৭ মার্চ সকাল ১১টা ২০ মিনিটে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় অংশ নেবেন তথ্যমন্ত্রী। ‘বিশ্ব ব্যবস্থার নতুন কাঠামো: কৌশলগত যোগাযোগের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই অধিবেশনে তিনি অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।

এই আলোচনায় তার সঙ্গে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ অংশ নেবেন। প্যানেলটি সঞ্চালনা করবেন আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একজন জ্যেষ্ঠ উপস্থাপক।

সফরকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে।

সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।