মোবাইল কোর্টের অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুদ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান সরকারের । সোমবার (৬ এপ্রিল ) জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, আজ (০৬/০৪/২০২৬) আগারগাঁওয়ের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পাশের একটি অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থাপনার মালিককে পাওয়া না গেলেও সেখান থেকে প্রায় ৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয়।
একই দিনে মিরপুর-১ এর বেড়িবাঁধ এলাকার গড়ান চটবাড়ী এলাকায় রাস্তার পাশে অবস্থিত আরও দুটি অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। এসব স্থাপনার মালিকদের উপস্থিতি না থাকায় সেখান থেকেও মোট ১০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে জব্দকৃত মোট ১৫০ লিটার ডিজেল নিকটবর্তী ইস্ট-ওয়েস্ট ফিলিং স্টেশন-১ এ ডিপো মূল্যে (প্রতি লিটার ৯৬.৩৯ টাকা) বিক্রয় করা হয়েছে। এতে মোট ১৪,৫৫৯ টাকা আদায় হয়, যা পরদিন সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বিক্রয় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
