বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে এ বৈঠক হয়।
সাক্ষাতে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিচ্ছে। বিশেষ করে সংসদীয় কার্যক্রমে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনতে পারে। তিনি ভারতের লোকসভা এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন, যা সংসদ পরিচালনাকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উচ্চকক্ষ প্রতিষ্ঠার ধারণা সামনে আনেন, যা পরবর্তীতে বিএনপির ৩১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। তিনি মনে করেন, উচ্চকক্ষ সংসদীয় কার্যক্রমে ভারসাম্য আনতে ভূমিকা রাখতে পারে, তবে এর সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ায় বিষয়টি নিয়ে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন।
তিনি আরও বলেন, সংসদ গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। জনগণের প্রত্যাশা পূরণে সংসদীয় গণতন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করা গেলে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংসদকে আরও আধুনিক করতে ডিজিটাল ও কাগজবিহীন ই-পার্লামেন্ট (ই-পার্লামেন্ট), সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির কার্যকারিতা বৃদ্ধি, সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়ন এবং পারস্পরিক প্রতিনিধিদল সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার, চিকিৎসা সেবা সহজ করা এবং সংসদীয় গণতন্ত্রের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রণয় ভার্মা ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত হওয়ায় কায়সার কামালকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে বই ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
