রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমি লতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে দুই তলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, “বিজয় সরণি মোড়ের কলমি লতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
