নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (১ জুন) বিকেলে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে হান্নান মোল্লাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগজনিত জটিলতার আশঙ্কায় তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে পৌঁছে ডা. রফিকুল ইসলাম হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলেন এবং হান্নান মোল্লার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে। এছাড়া তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ‘ভাইরাল পেরিকার্ডাইটিস’-এ আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর রোগের প্রকৃতি ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
